দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ঘটনায় মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে পুলিশ সুপারের (এসপি) দফতরে যান তিনি। বারুইপুরে এসপি অফিসে আগে থেকেই উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবার। গণপিটুনিতে নিহতের পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। এদিন বারুইপুরে এসপি-র দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সদস্যেদের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাও। তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতেই মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই বারুইপুরে রাজনৈতিক নেতাদের আনাগোনা দেখা যায়। মৃতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, আইএসএফ–এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, ন্যাশনালিস্ট সিজিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা। এছাড়াও যান চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুর। ওই নাবালিকার দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পুকুর থেকে। তার পর থেকে দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তপ্ত হয় বারুইপুর। ধর্ষণ এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

