চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : শুভেন্দু অধিকারী

কলকাতা : চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “আমরা উত্তরবঙ্গের পরিশ্রমী চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি আমাদের রাজ্য স্তর কমিটি ‘প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প’ (পিএমসিএসপিওয়াই) বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে। ৩১৩.৩০ কোটি টাকার মোট আর্থিক বরাদ্দের মাধ্যমে আমরা ‘চা শ্রমিকদের’ জীবনে ঐতিহাসিক পরিবর্তন আনতে যাচ্ছি।”

শুভেন্দু জানান, “এই বড় উদ্যোগের মূল বৈশিষ্ট্যগুলো হল:- চা শ্রমিক শিক্ষা প্রকল্প (সিএসএসওয়াই): চা শ্রমিকদের শিশুদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা অবকাঠামো উন্নয়নে ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা পরিকল্পনা (সিএসএসএসওয়াই): স্বাস্থ্য অবকাঠামো উন্নত করতে এবং চা বাগান এলাকায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৭২ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

এছাড়াও চা শ্রমিক আশ্রয় প্রকল্প (সিএসএওয়াই): ৩২১ টি রেস্টহাউস বা বিশ্রাম সেড (পাহাড়ে ৮৮ এবং সমতল এলাকায় ২৩৩ টি) নির্মাণের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিশ্রামঘরে থাকছে অফ-গ্রিড সৌরশক্তি, বিশুদ্ধ পানীয় জল, আরামদায়ক আসন এবং পরিষ্কার টয়লেট সহ আধুনিক সুযোগ-সুবিধাসমূহ।” মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকারের লক্ষ্য চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =