উত্তর থেকে দক্ষিণে ঝড়-বৃষ্টির জোড়া সতর্কতা, এখনই কাটছে না দুর্যোগ

কলকাতা : শুক্রবার সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও, বেলা গড়ালে ফের আকাশের মুখভার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাজ্যজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা হেরফের হবে না।

কলকাতায় এ দিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পরিস্থিতিও একই রকম থাকবে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির দাপট।

শুক্রবারও উত্তরের জেলাগুলির পরিস্থিতিতে কোনো উন্নতির লক্ষণ নেই। গত এক সপ্তাহ ধরে লাগাতার ঝড়বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক-দুটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জোড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =