কলকাতা : প্রায় এক ঘণ্টার মুষলধারে বৃষ্টি। আর তাতেই ফের জলমগ্ন তিলোত্তমা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার। এর পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এই অঝোর ধারার বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ।
ঝোড়ো হাওয়ার দাপটে মৌলালিতে একটি বড় গাছ ভেঙে পড়ে বলে পুরসভা সূত্রে জানা গেছে। উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই হাসপাতালের একাধিক ওয়ার্ডের ভেতরে বৃষ্টির জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েন চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনেরা। জল ডিঙিয়েই ওয়ার্ডের ভেতরে যাতায়াত করতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
দক্ষিণ কলকাতার এক্সাইড মোড়, রবীন্দ্র সদনের সামনের রাস্তা, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট থেকে শুরু করে যাদবপুর, টালিগঞ্জ প্রভৃতি এলাকার বিভিন্ন রাস্তা জলের নীচে গিয়েছে। মধ্য এবং উত্তর কলকাতার ওয়াটারলু স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এম জি রোড, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, সুকিয়া স্ট্রিট থেকে শুরু করে শ্যামবাজার, হাতিবাগানের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।
কাশীপুর রোড জলে ডুবে যায়। বাদ যায়নি বি টি রোড, ই এম বাইপাসও। পুরসভার তরফে জানানো হয়েছে, জল সরাতে পাম্প চলছে। সমস্ত নিকাশি পাম্পিং স্টেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় দুপুরের ব্যস্ত সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জল জমায় বেশ কিছু গাড়ি ও বাইক মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে বলে জানা গেছে। গণপরিবহন ব্যবস্থা ধীরগতি হয়ে পড়ায় গন্তব্যে পৌঁছাতে কালঘাম ছোটে সাধারণ মানুষের।

