ঝড়-বৃষ্টির দাপটে মধ্য কলকাতায় বিপত্তি, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে গাছ ভেঙে যানজট

কলকাতা : সকাল গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি । এই দুর্যোগের মধ্যেই চাঁদনি চকের অদূরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপর আচমকা উপড়ে পড়ে একটি বড় গাছ। মুহূর্তের মধ্যেই ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি ভেঙে পড়ার সময় বিদ্যুতের তারের উপরও আছড়ে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গেই ওই অংশ ঘিরে ফেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার কর্মী, সিইএসসি-র আধিকারিক এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বিদ্যুৎ সংযোগ নিরাপদ করার পর শুরু হয় গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ।

ছুটির দিন হওয়ায় সকালবেলায় যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। ফলে সাময়িক বিঘ্ন ঘটলেও দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয় প্রশাসন।

এদিনের ঝড়-বৃষ্টিতে শুধু এই ঘটনাই নয়, শহরের একাধিক নিচু এলাকায় জল জমে যায়। কোথাও কোথাও গাছের ডাল ভেঙে পড়ার খবরও মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =