শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা : দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আবহ বিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় আগামী দু’দিন তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং পরবর্তী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস, নিচু এলাকায় জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + seventeen =