ডব্লিউবিজেইই পরীক্ষায় সফল ৯৭.৭৪ শতাংশ পরীক্ষার্থী, টপার শাশ্বত বন্দ্যোপাধ্যায়

কলকাতা : পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) ২০২৬-এর ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের চেয়ারম্যান গৌতম ভট্টাচার্য এবং রেজিস্ট্রার দিব্যেন্দু কর ফলাফল প্রকাশ করে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান ও মেধাতালিকা প্রকাশ করেন।বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্যে ৯৪,৯০১ জন পরীক্ষায় বসেন। এদের মধ্যে ৬৭,৩৭৮ জন ছাত্র, ২৭,৫২১ জন ছাত্রী এবং ২ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন। ২৪ মে পরীক্ষা হয়েছিল। এক মাসেরও কম— ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট বোর্ড।

পরীক্ষায় মোট ৯২,৭৫৩ জন প্রার্থী সফল হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৭.৭৪ শতাংশ। সফল প্রার্থীদের মধ্যে ৬৬,৩৮৩ জন ছাত্র, ২৬,৩৬৮ জন ছাত্রী এবং ২ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন।রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৭৩,৬৬৫ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। পাশাপাশি রাজ্যের বাইরের ১৯,০৮৮ জন পরীক্ষার্থীও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।যৌথ প্রবেশিকা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সংরক্ষিত বিভাগের আসন সংরক্ষণ পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বজায় থাকবে। তফশিলি উপজাতির (এসটি) জন্য ৬ শতাংশ, তফশিলি জাতির (এসসি) জন্য ২২ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য ৭ শতাংশ, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ৪ শতাংশ এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

মেধাতালিকায় শীর্ষ ১০ পরীক্ষার্থী:

১. শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক, নালন্দা অ্যাকাডেমি, কোটা, রাজস্থান)২. সৌরিদ্ধ মণ্ডল (বিদ্যানগর, বিষ্ণুপুর, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা)৩. উমং ভুত (রানিগঞ্জ, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর)৪. রাহুল কোনার (উত্তর ২৪ পরগনা, ডিপিএস নিউটাউন)৫. সর্বান ভট্টাচার্য (বীজপুর, গার্ডেন হাই স্কুল)৬. অর্ঘ্য ভট্টাচার্য (চন্দ্রকোনা, চন্দ্রকোনা জিরেট হাই স্কুল)৭. সৃজন সুর (শিবপুর, হাওড়া)৮. মনীশ সেনাপতি (কোতোয়ালি, মেদিনীপুর)৯. সব্যসাচী লস্কর (সোনারপুর, বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল)১০. দেবজিৎ পাল (বালিগঞ্জ, সাউথ পয়েন্ট স্কুল)

এ বছরের মেধাতালিকায় শীর্ষ ১০টি স্থানের সবকটিতেই ছাত্ররা জায়গা করে নিয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর এবার সফল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =