দার্জিলিং : পাহাড়ের রাজনীতিতে নাটকীয় মোড়। মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র দুর্নীতির ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই বুধবার জিটিএ চেয়ারম্যান অনীত থাপা নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জিটিএ–র সভাসদের পদও ছেড়ে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
বুধবার অনীত থাপা সমাজ মাধ্যমে একটি পোস্টে নিজের ইস্তফার কথা জানান। পাশাপাশি দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তার তদন্তের দাবিকেও স্বাগত জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে পরিবর্তন এসেছে এবং জনগণ এই সরকারকে মেনে নিয়েছে। জিটিএ নিয়ে মানুষের মনে ক্ষোভ রয়েছে এবং সবাই তদন্ত চাইছে, তিনি নিজেও তদন্তের পক্ষে।
উল্লেখ্য, মঙ্গলবার পাহাড়ে গিয়ে ‘জনকল্যাণ শিবিরে’ যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সভাও করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে ফের জিটিএ দুর্নীতি নিয়ে সরব হন তিনি।

