৩ মাসের অনুশীলনেই ম্যাচে ৪ বছরের বিহান! র‍্যাকেট হাতে টেনিসের স্বপ্ন

◆ বয়সে বড় প্রতিপক্ষদের বিরুদ্ধে নজর কাড়ল খুদে টেনিস খেলোয়াড়

খেলনা নিয়ে খেলার বয়স। অনেক শিশু যখন স্কুলের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত, তখন টেনিস কোর্টে নিজের উপস্থিতি জানান দিচ্ছে চার বছরের এক খুদে। নাম বিহান কুমার সরকার। বয়স মাত্র ৪ বছর ১০ মাস। কিন্তু সেই বয়সেই টেনিস র‍্যাকেট হাতে তার আত্মবিশ্বাস ও লড়াই করার মানসিকতা নজর কেড়েছে সকলের। সম্প্রতি আউট্রাম ক্লাবে আয়োজিত গ্রাসরুট বিটিএ র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেয় বিহান। বেঙ্গল স্টেট র‍্যাঙ্কিং প্রতিযোগিতার অনূর্ধ্ব-৮ বিভাগে খেলতে নেমে নিজের থেকে দুই থেকে তিন বছর বড় প্রতিযোগীদের বিরুদ্ধে সমান তালে লড়াই করেছে সে। টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সি প্রতিযোগী হয়েও কোনও ধরনের ভয় বা জড়তা দেখা যায়নি তার খেলায়।

লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের কেজি শ্রেণির ছাত্র বিহান। মাত্র তিন মাস আগে গ্যারি ও ব্রায়েন অ্যাকাডেমি অফ টেনিসে তার টেনিস যাত্রা শুরু। এত অল্প সময়ের প্রশিক্ষণ নিয়েই প্রতিযোগিতার মঞ্চে নামা এবং সেখানে নিজের সামর্থ্যের পরিচয় দেওয়া সহজ কাজ নয়। কিন্তু বিহান সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে। কোচদের মতে, খেলার প্রতি তার আগ্রহ, নিয়মিত অনুশীলনের মানসিকতা এবং শেখার ইচ্ছা বয়সের তুলনায় অনেকটাই পরিণত। কোর্টে প্রতিটি বলের পিছনে ছোটা, হার না মানার মানসিকতা এবং প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করার প্রবণতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বিহানের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন কোচ গ্যারি ও’ব্রায়েন। তাঁর মতে, এত কম বয়সে এমন মনোযোগ, আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মানসিকতা খুব কম শিশুর মধ্যেই দেখা যায়। নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে বিহান আরও উন্নতি করবে বলেও আশাবাদী তিনি। অবশ্য এই পথের শুরু মাত্র। সামনে আরও অনেক প্রতিযোগিতা, আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে অল্প বয়সেই বিহান যে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে টেনিসকে আঁকড়ে ধরেছে, তা ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। চার বছরের এই খুদের হাতে আজ যে র‍্যাকেট, সেটাই হয়তো একদিন তাকে আরও বড় মঞ্চে পৌঁছে দিতে পারে। বিহানের টেনিস যাত্রা এখনই শুরু হয়েছে, আর সেই যাত্রার দিকেই তাকিয়ে রয়েছেন কোচ, পরিবার এবং ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =