কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সিআইডি-র সমনে সাড়া দিলেন কুণাল ঘোষ। রবিবার নির্দিষ্ট সময়েই ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দেন কুণাল। বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “আমাকে বিকেল সাড়ে তিনটের সময় হাজিরা দিতে হবে; একটি তদন্তের প্রয়োজনে সাক্ষী হিসেবে আমাকে ডাকা হয়েছে। আমি সবসময়ই সহযোগিতা করেছি এবং এক্ষেত্রেও করব। আমি এর আগেও একবার হাজিরা দিয়েছি, সম্ভবত এখন আরও কিছু প্রশ্ন থাকতে পারে; আমি যাচ্ছি এবং পূর্ণ সহযোগিতা করব।”
উল্লেখ্য, বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল, তা নিয়েই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেকের সইয়ে অসঙ্গতি রয়েছে। অনেকের দাবি, তাঁরা স্বাক্ষর করেননি। কারও কারও নাম লেখা হয়েছে ব্লক লেটারে! সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসাবে অভিষেকের সই ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে একাধিক বার তলব করেছিল সিআইডি।
প্রথমে তিনি কয়েক বার হাজিরা এড়ান। তার পর রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। আদালত নির্দেশ দেওয়ার পর তিনি ভবানী ভবনে এই নিয়ে দ্বিতীয় বার হাজিরা দিলেন। আর রবিবার হাজিরা দিলেন কুণালও।

