নয়াদিল্লি : উত্তরপ্রদেশের ফিরোজাবাদ রেল স্টেশনের কাছে লখনউ-নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রেলওয়ে সুরক্ষা বল।
রেল আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ জুন সন্ধ্যা আনুমানিক ৭:১৮ নাগাদ ১২০০৩ লখনউ-নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেসটি যখন প্রয়াগরাজ মণ্ডলের ফিরোজাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছাচ্ছিল, তখনই সেটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ঘটনার পরই নড়েচড়ে বসে রেল প্রশাসন। স্টেশন ও তার আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষমেশ প্রযুক্তির সাহায্য নিয়ে দুই মূল অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রেল।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর সন্ধ্যায় মাখনপুর এবং ফিরোজাবাদ রেল স্টেশনের মধ্যবর্তী পৈমেশ্বর গেটের কাছে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল। অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়, কারণ ওই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত ওই ট্রেনে সফর করছিলেন। তবে এই ঘটনায় সরসঙ্ঘচালক বা অন্য কোনো যাত্রী আহত হননি। ট্রেনটি টুন্ডলা স্টেশনে পৌঁছালে আরপিএফ পরিদর্শনের পর জানায়, পাথরের আঘাতে জানলার শুধুমাত্র বাইরের কাচটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর ফিরোজাবাদের প্রবীণ পুলিশ (এসএসপি) আদিত্য লাংহের নির্দেশে গঠিত সাত সদস্যের বিশেষ পুলিশ টিম, লোকাল পুলিশ এবং এলআইইউ যৌথভাবে তদন্তে নামে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রেলের সম্পত্তি নষ্ট করা এবং যাত্রীদের জীবন বিপন্ন করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং ধৃতদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

