সবুজ মেরুন জার্সিতে আইএসএল জিততে চান সামীর

নিজস্ব প্রতিবেদন: দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন সামীর জেলজোকোভিক। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় ডিফেন্ডার টম অলড্রেডকে বিদায় জানিয়েছে মোহনবাগান। তার ঠিক পরেই সামীরের যোগ দেওয়ার ঘোষণা প্রকাশ্যে চলে এল। বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীরকে এবার খেলতে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাব এফসি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল খেলেছিলেন তিনি। ফলে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের চোখে পড়েন তিনি।
মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দুটি পজিশনে সমান দক্ষতায় খেলার অভিজ্ঞতা। ২৮ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্যও করেন। বসনিয়ে প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত আইএসএলেও দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলের অ্যাসিস্টও করেছেন সামীর। মোহনবাগানে যোগ দেওয়ার পর সামীর জেলজোকোভিক বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই সব ট্রফি জিততে চাই।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =