মালদা : রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসনের তৎপরতার মধ্যেই মালদা জেলায় আরও একটি হোল্ডিং সেন্টার চালু করা হল। এর ফলে জেলায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। বুধবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই তিনটি কেন্দ্রে দেড়শোরও বেশি বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে, যাঁদের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে ইংরেজবাজারের বাগবাড়িতে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। পরে পুরাতন মালদার নারায়ণপুরের জলঙ্গা মাঠে অবস্থিত ফ্লাড সেন্টারে দ্বিতীয় কেন্দ্র চালু হয়। বুধবার বামনগোলা থানার পাকুয়াহাট কর্মতীর্থে জেলার তৃতীয় হোল্ডিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। তিনটি কেন্দ্র মিলিয়ে একসঙ্গে প্রায় আড়াইশো থেকে তিনশো জনকে রাখার ব্যবস্থা রয়েছে।জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদা অনুপ্রবেশ রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই জেলায় ২৩ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
ভবিষ্যতে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকায় পরিকাঠামো সম্প্রসারণ করা হয়েছে।অন্যদিকে, মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, যাঁরা বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাঁদের চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে।

