নয়াদিল্লি : ভোট লুট, ভোট চুরি ও এসআইআর নিয়ে দেশের প্রধান বিচারপতিকে দ্রুত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল ‘ইন্ডি’ জোট।একই সঙ্গে নিট ও সিবিএসই পরীক্ষায় লক্ষাধিক পড়ুয়ার সঙ্গে প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ও জনমুখী সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছে ইন্ডি জোট।
সিদ্ধান্ত হয়েছে, মঞ্চের দলগুলি প্রতি দু’মাস অন্তর বৈঠকে বসবে এবং আগামী আগস্টে হায়দরাবাদে পরবর্তী বৈঠক হবে। এ ছাড়া, বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সকালে মল্লিকার্জুন খাড়গের দফতরে সংসদীয় সমন্বয় হবে। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “২৫টি দলের উপস্থিতিতে ইন্ডি জোটের বৈঠক শেষ হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ মতামত জানিয়েছেন এবং তার ফলস্বরূপ আমরা পাঁচটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। আমরা একমত হয়েছি যে, আমরা এই বিষয়গুলোর জন্য লড়াই করব, সেগুলোর ওপর কাজ করব এবং এগিয়ে যাব।”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, “এসআইআর, ভোট লুট এবং নির্বাচন চুরির বিষয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। চিঠিটি খুব শীঘ্রই দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানানোর বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, কারণ তিনি নিট এবং সিবিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ যুবকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

