উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায় শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে মজুত রাখা বোমা খেলনা বল ভেবে খেলতে গিয়ে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজন জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কয়েকজন শিশু ওই ফাঁকা ঘরে খেলা করছিল। সেখানে তারা গোলাকার কিছু বস্তু দেখতে পায় এবং সেগুলিকে খেলার বল ভেবে নিজেদের মধ্যে লোফালুফি শুরু করে। তখনই আচমকা একটি বোমা ফেটে যায় এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই দুর্ঘটনায় দিলওয়ার (৮) নামে এক শিশু মারাত্মকভাবে জখম হয়েছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে প্রথমে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করেন।
এছাড়া এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। ঘটনার খবর পাওয়া মাত্রই চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে। যে পরিত্যক্ত ঘরে বোমা রাখা ছিল, সেটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে কে বা কারা, কী উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল— তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

