অভিষেককে হেনস্থার ঘটনায় পাকড়াও ৫ অভিযুক্ত

সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। চারজনকে শনিবার রাতে এবং একজনকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ।

যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ সোনারপুর থানায় করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করে। সেই তদন্তে নেমেই এই পাঁচজনকে আপাতত গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত কামারাবাদ এলাকায় মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার পথে তাঁর পথ আটকানো হয়। তাঁকে লক্ষ্য করে ডিম, চটি, কাদা ছোড়া হয়। এমনকি চড়, থাপ্পড়ও মারা হয়। কোনও মতে সঞ্জুর বাড়িতে যান অভিষেক। সেখান থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও সোনারপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। অভিষেক দাবি করেছেন তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল। পুলিশকে আগে থেকে জানালেও কোনও উদ্যোগ পুলিশ নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =