বাংলা ফুটবলের ‘গুরু’ মুরারি শুরের প্রয়াণে শোকের ছায়া

বাংলা ফুটবলের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। প্রখ্যাত ফুটবল কোচ মুরারি শুর বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলা ফুটবল মহলে। শ্যামনগরের এই কিংবদন্তি কোচের হাত ধরেই ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন ভারতীয় ফুটবলের বহু পরিচিত মুখ। সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত মিত্র, দুলাল বিশ্বাস, রহিম নবি-সহ একাধিক ফুটবলারের উত্থানের পিছনে ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বছরের পর বছর ধরে শ্যামনগর ও আশপাশের এলাকার অসংখ্য ছেলেকে নিঃস্বার্থভাবে ফুটবল শিখিয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই পরে কলকাতার বড় ক্লাবে খেলেছেন, কেউ কেউ জাতীয় দলেও জায়গা পেয়েছেন। শুধু ফুটবল নয়, একসময় অ্যাথলেটিক্স কোচ হিসেবেও কাজ করেছেন মুরারি শুর। পরে পুরোপুরি ফুটবল কোচিংয়েই নিজেকে নিয়োজিত করেন। জীবনের শেষ দিন পর্যন্ত ফুটবলের প্রতি তাঁর টান অটুট ছিল। অসুস্থ শরীর নিয়েও নিয়মিত যেতেন শ্যামনগরের যুগের প্রতীক ক্লাবে। মাঠে দাঁড়াতে না পারলেও চেয়ারে বসেই ছোটদের প্রশিক্ষণ দিতেন। কোনও পারিশ্রমিক ছাড়াই ভবিষ্যতের ফুটবলার গড়াই ছিল তাঁর জীবনের লক্ষ্য। মুরারি শুরকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন শতাব্দী প্রাচীন যুগের প্রতীক ক্লাবের সভাপতি তথা বিজেপি নেতা হিমাংশু সরকার। আবেগঘন গলায় তিনি বলেন, ‘বাংলা ফুটবল এক বড় অভিভাবককে হারাল। মাঠের বাইরে থেকেও তিনি প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়েছেন’। তাঁর প্রয়াণে যেন বাংলা ফুটবলের এক স্বর্ণযুগের স্মৃতিও আরও একবার চোখের সামনে ভেসে উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =