কলকাতা : দলীয় কর্মীরা আক্রান্ত। তাই সেই নিয়ে বৃহস্পতিবার বেলায় নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূল নেতৃত্ব। সেখানে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। থানায় যখন স্মারকলিপি জামা দেওয়া চলছে, তখন বিজেপির কর্মীরা স্লোগান দিতে থাকেন। সাংসদ বেরোনোর সময়ে তাঁর গাড়িতে ডিম ছোড়াও হয়।
এর ফলে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাঁর গাড়িতে এলাকা ছাড়ার সময়ে সাংসদ সংবাদমাধ্যমকে জানান, উত্তর দমদমে দলের কর্মী, পুর প্রতিনিধিদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।
দলের নেতা কর্মীরা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান। তিনি সেই কারণে এ দিন থানায় গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর সময়ে তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, সাংসদ অতীতে যা করেছেন, তাতে তাঁকে দেখে মানুষ ক্ষোভ দেখিয়েছেন।

