কলকাতা: ক্রীড়া ক্ষেত্রে ফিটনেস বা শারীরিক সুস্থতা এবং সামাজিক মেলবন্ধনের বার্তা নিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা আঞ্চলিক কেন্দ্রে সফলভাবে আয়োজিত হলো ‘ফিট ইন্ডিয়া – সানডে অন সাইকেল’ কর্মসূচি। পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপন উপলক্ষ্যে এবং সাই-এর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের রিজিওনাল ডিরেক্টর শ্রী শিবানন্দ মিশ্রের নেতৃত্বে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ড. শরদ্বত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের একাধিক খ্যাতনামা কমনওয়েলথ পদকজয়ী ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে ছিলেন ২০১০ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তিরন্দাজ রাহুল ব্যানার্জি, ২০১০ কমনওয়েলথ গেমসের সোনা ও ব্রোঞ্জজয়ী তিরন্দাজ দোলা ব্যানার্জি, কমনওয়েলথ পদকজয়ী অ্যাথলিট রহমতুল্লা মোল্লা এবং ২০০২, ২০০৬ ও ২০১০ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী বিশিষ্ট টেবিল টেনিস তারকা মৌমা দাস।
এদিনের এই সাইকেল র্যালিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী ও আধিকারিক, শহরের একাধিক সাইক্লিং ক্লাব, স্কুলপড়ুয়া, স্থানীয় বাসিন্দা এবং ‘সাই’-এর নিজস্ব কর্মী ও কোচেরা মিলিয়ে ৩০০-রও বেশি প্রতিযোগী এই কর্মসূচিতে অত্যন্ত উৎসাহের সাথে অংশ নেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের কৃতি ক্রীড়াবিদদের অবদান ও সাফল্যকে উদযাপন করার পাশাপাশি সাধারণ মানুষকে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা বেছে নিতে অনুপ্রাণিত করা। সামগ্রিকভাবে, এই উদযাপন শুধু ফিটনেসের বার্তাই ছড়িয়ে দেয়নি, বরং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির এক অনন্য নজির গড়ে তুলেছে। একই সঙ্গে ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনের মূল ভাবনাকে আরও শক্তিশালী করে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের বার্তাকে তুলে ধরেছে।

