হাওড়ায় ‘জিরো টলারেন্স’ বার্তা শুভেন্দুর, রাজনৈতিক নিয়োগে ফাঁকিবাজ কর্মীদের কড়া হুঁশিয়ারি

হাওড়া : হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে রাজনৈতিক নিয়োগে কর্মবিমুখদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নতুন কালেকটারেট ভবনে আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আট ঘণ্টা তো দূরের কথা, আট মিনিটও দায়িত্ব পালন করেন না। দৃষ্টিভঙ্গি বদলান।”মুখ্যমন্ত্রী জানান, হাওড়া পৌরনিগমে মোট ১৭০০ কর্মীর মধ্যে প্রায় ৫০০ জন রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত।

অভিযোগ, তাঁদের অনেকেই নিয়মিত অফিসে আসেন না। এর জেরে দীর্ঘদিন ধরে পানীয় জল, নিকাশি, সাফাই, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিষেবা ভেঙে পড়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার, বিধায়ক, ডিজিপি, কেএমডিএ, এইচএমসি, বালি পুরসভা এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, রেল ও রাজ্যের সমন্বয়ে আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করা হবে।তিনি বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার “পরিষ্কার জল, পরিষ্কার জল, পরিষ্কার জল”।

পাশাপাশি সাফাই ও নাগরিক পরিষেবার উন্নতিতে জেলাশাসকের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে প্রশাসনের ফাঁকিবাজি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =