কলকাতা : “যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।” সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন।
মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে পরিবহণের ব্যাপারে ইতিমধ্যে দেওয়া আশ্বাসেও পড়েছে সরকারি সিলমোহর। অগ্নিমিত্রা বলেন, “১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বলেন, “এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই আমরা ব্যবহার করব। জুন মাসে আমরা বাজেট পেশ করব। মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা।”

