সাসারাম : বিহারের সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে। সকালে সাসারাম থেকে পাটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। তার ঠিক আগেই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়।
আরপিএফ ইন্সপেক্টর সঞ্জীব কুমার বলেন, “এটি ছিল সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। ওই কোচটি খালি ছিল। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।”
রেল সূত্রের খবর, সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ সাসারাম থেকে পাটনার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ট্রেনটির। রওনার আগে স্টেশনেই অপেক্ষা করছিল পাটনাগামী ফাস্ট প্যাসেঞ্জার। সেই সময়েই আচমকা ট্রেনের একটি কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই গোটা কামরা আগুনের গ্রাসে চলে আসে। কী ভাবে এই আগুন লাগল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

