আরামবাগ : শুক্রবারের প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন হেমন্ত বাগ। আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অনিমা দাস ও সুনীল দাসের মাটির বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে বাড়ির উপর। এতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছে যান বিধায়ক হেমন্ত বাগ। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে ত্রিপল ও আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাকা বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এদিন বিধায়ক বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রশাসনের সঙ্গে কথা বলে সবরকম সহযোগিতার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”
বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বিপদের সময় জনপ্রতিনিধিকে পাশে পেয়ে অনেকটাই সাহস পেয়েছেন তাঁরা।

