কলকাতা : যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।
সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এছাড়া ছিলেন কিছু প্রশাসনিক কর্তাব্যক্তিরা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির ৩২১ জন শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাঁদের পরিবারের পাশে সরকার সর্বতোভাবে থাকবে এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
তিনি বলেন, “আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।”

