কলকাতা : ২০ জুন ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ পালনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হবে। রাজ্য প্রশাসন সূত্রে এমনই খবর মিলেছে। তৃণমূল সরকার বিধানসভায় বিল এনে ১ বৈশাখকে ‘বাংলা দিবস’-এর স্বীকৃতি দেয়। এর তীব্র বিরোধিতা করেছিল বিজেপি।
বিজেপি গত কয়েক বছর ধরেই ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ পালন করে। লোকভবনে (সাবেক রাজভবন) দিনটি পালনের চল হয়েছিল। বিভিন্ন রাজ্যের রাজভবনে তা পালন করা হতো। শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ১৯৪৭–এর ২০ জুন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের ভারতভুক্তির সিদ্ধান্ত হয়েছিল। সে কারণে ওই দিনটিকেই রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হবে।
তার জন্যে রাজ্য বিধানসভা এবং মন্ত্রিসভায় প্রস্তাব আনা হবে। বিশেষজ্ঞেরা বলছেন, সে ক্ষেত্রে পুরোনো সিদ্ধান্ত বাতিল করে নতুন করে বিল পাস করতে হবে। সূত্রের খবর, শীঘ্রই বিষয়টি খতিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবেও ঘোষণা করা হয়েছিল তৃণমূল আমলে।

