এফসি গোয়ার ঘরের মাঠে তাদের হারানো সহজ ছিল না। শুরুতে এগিয়ে থেকেও ম্যাচ নিজেদের আয়ত্তে রাখতে পারল না মোহনবাগান। তিন পয়েন্ট নিয়ে কলকাতা ফিরতে পারবে না সের্জিও লোবেরার দল। এগিয়ে গিয়েও গোয়ার বিরুদ্ধে ১-১ ড্র করল মোহনবাগান। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। গ্রুপ শীর্ষ এখনও ইস্টবেঙ্গল।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল লিস্টন, ম্যাকলারেনরা। তবে ফিনিশিংয়ে পিছিয়ে পড়ছিলেন রবসনরা। আপুইয়ার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। টম অলড্রেডের হেড থেকেও আসেনি গোল। গোয়া বারবার প্রতি-আক্রমণের উঠে বাগান রক্ষণকে চাপে রাখছিল। প্রথমার্ধের শেষদিকে আক্রমণে ঝড় তোলেন উদান্তা সিং, নেমিল এবং সাঙ্গওয়ানরা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান রবসনের পরিবর্তে নামায় জেসন কামিন্সকে। ৫৫ মিনিটে ডেডলক ভাঙলেন জেমি ম্যাকলারেন। গোয়ার অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের ভুলেই গোলের সুযোগ তৈরি হয়। সন্দেশের ভুলের সুযোগ নিয়ে জালে বল জড়িয়ে দেন জেমি। বক্সের ভিতরে ঠান্ডা মাথায় শট নিয়ে গোলরক্ষক ববকে পরাস্ত করে মোহনবাগানকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৬৭ মিনিটে গোয়াকে সমতায় ফেরান রনি উইলসন। ডানদিক থেকে ক্রস তুলে বাগান রক্ষণের শেষ প্রহরী বিশাল কাইথকে পেরিয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের ৭২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মোহনবাগান। সাহাল আব্দুল সামাদের বল পেয়ে ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে দেন জেসন কামিন্স। ড্র করে ইস্টবেঙ্গলের সঙ্গে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল মোহনবাগান।

