শপথ নিয়েই কবিপ্রণাম ও ময়দানে প্রশাসনিক বৈঠক; নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর তৎপরতা তুঙ্গে

কলকাতা : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের অব্যবহিত পরেই শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সটান পৌঁছে যান রবীন্দ্রস্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর তরফে বিশ্বকবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।

ঠাকুরবাড়ি থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান কলকাতা ময়দান চত্বরে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন মহাকরণ বা বিধানসভায় না গিয়ে তিনি ময়দানে পরিবহন দফতরের তাঁবুতে একটি জরুরি প্রশাসনিক বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এবং এডিজি (সিকিউরিটি) মনোজ ভার্মা।

সূত্রের খবর, এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। বিশেষ করে শপথ গ্রহণ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক কাজের গতিপ্রকৃতি নিয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দায়িত্বভার গ্রহণের প্রথম দিনেই তাঁর এই প্রশাসনিক তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =