কলকাতা : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ের পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে চলেছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা থাকলেও দলের পক্ষ থেকে এখনও কোনও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
শপথ গ্রহণের দিন হিসেবে ৯ মে তারিখটিকে বেছে নেওয়ার পিছনে বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রাজ্য সভাপতির কথায়, “পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের এই পুণ্যভূমি। রাজ্যের সেই হৃত গৌরব ও পরিচিতি পুনরায় ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।”
সূত্র মারফত জানা গেছে, কলকাতার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ সমারোহ আয়োজিত হবে। যেখানে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নবনির্বাচিত বিধায়ক এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে বিধানসভার দলনেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিজেপির সংসদীয় বোর্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁদের উপস্থিতিতেই বিধায়কদের বৈঠকে চূড়ান্ত হবে আগামী মুখ্যমন্ত্রীর নাম।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল জয় হাসিল করেছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে বিজেপি এককভাবে ২০৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

