কলকাতা : ভোট গণনায় সাহায্য করার জন্য গণনা পর্যবেক্ষক (কাউন্টিং অবজার্ভার) নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা হবে। তবে শনিবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে, তাতে ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে।
সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। সবচেয়ে কম আলিপুরদুয়ারে। সেখানে পাঁচটি আসনে ছ’জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
গণনা পর্যবেক্ষকের সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনার পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৩১টি আসনে ৪৫ জন পর্যবেক্ষক থাকার কথা সোমবার। যদিও সেখানে একটি (ফলতা) আসনে সোমবার গণনা হবে না। তাই ওই জেলায় বাকি ৩০টি আসনে জন্য মোট কত জন পর্যবেক্ষক সোমবার কাজ করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন। কলকাতা (উত্তর এবং দক্ষিণ)-র ১১টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ১২। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনে পর্যবেক্ষকের সংখ্যা ২৬।
নদিয়ায় ১৭টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হাওড়ায় ১৬টি আসনে পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হুগলিতে ১৮টি আসনে ২৪ জন। বীরভূমে ১১টি আসনে ১২ জন, বাঁকুড়ায় ১২টি আসনে ১৫ জন, কোচবিহারে ন’টি আসনে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনে সাত জনকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। দার্জিলিঙে পাঁচটি আসনে ১০ জন, মুর্শিদাবাদে ২২টি আসনে ৩৩ জন, পুরুলিয়ায় ন’টি আসনে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ন’টি আসনে ১৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

