সিওয়ান : বিহারের সিওয়ানে এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হল হর্ষ সিং হত্যাকাণ্ডে অভিযুক্ত সোনু যাদবের। পুলিশের দাবি, সোনু এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক ছিল। যদিও দু’দিন আগেই পুলিশের এনকাউন্টারে এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত তথা সোনুর সঙ্গী ছোটু যাদব আহত হয়। তার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। ছোটুকে ধরতে পারলেও সোনুর হদিস মিলছিল না।
বেশ কয়েকটি দল গঠন করে সোনুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। অভিযুক্ত সোনু সিওয়ানের হুসেনগঞ্জের বাসিন্দা। রবিবার ভোরে সোনুর হদিস পায় পুলিশ। সরেয়া গ্রামে তাঁর হদিস মেলে। তার পরই পুলিশের বেশ কয়েকটি দল ওই গ্রামে অভিযান চালায়।
পুলিশ যেতেই তাদের লক্ষ্য করে সোনু গুলি চালাতে শুরু করে বলে দাবি। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে লড়াইয়ে সোনু গুলিবিদ্ধ হয়।। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

