মঙ্গলবার গোয়ার মাঠে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ইউসেফের জোড়া গোল এবং বিপিনের অনবদ্য খেলায় লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লাল-হলুদ ব্রিগেড। ওড়িশার বিরুদ্ধে সম্পূর্ণ তিন পয়েন্ট পেয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো। টানা ছয় ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে তার দলকে, এমনটাই মনে করছেন অস্কার।
তবে গোয়ার পরিবেশ ও মাঠ যে তাদের জন্য অনুকূল ছিল না, সেই কথাও স্বীকার করে নিলেন তিনি। অস্কার যোগ করেছেন, “আমাদের সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হবে। এই মরশুমে অনেক দলই হোম ম্যাচ পাচ্ছে না। আমাদের ক্ষেত্রে এই ম্যাচ সল্টলেকেই হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের কারণে গোয়ায় হল ম্যাচটি। বেশ কঠিন ম্যাচ, সল্টলেকের থেকে মাঠ একেবারেই আলাদা। এখানে আর্দ্রতাও খুব বেশি। তবে কোনও কিছু নিয়েই অভিযোগ করতে চাই না। সকলেই সুচি নিয়ে অসুবিধায় পড়ছে। খুশি যে পরিবর্ত হিসেবে নামা রশিদ, জেরি, জয়, ইউসেফ, ডেভিড খুবই ভালো খেলেছে। এবং গোলের ক্ষেত্রেও নিজেদের অবদান রেখেছে।”
পাশাপাশি তিনি বলেন, “গত সপ্তাহে বেঙ্গালুরুর বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েছিলাম। তারপর থেকেই তিন পয়েন্ট পাওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে দল অনেক ভালো খেলেছে। প্রথমার্ধে গোল পেয়ে যাওয়ার পর কিছুটা পিছিয়ে পড়েছিল দল। তবে সব মিলিয়ে তিন পয়েন্ট পেয়ে খুব খুশি।”
এছাড়াও অস্কার আবারও মনে করিয়ে দিলেন এই মরশুমে ইস্টবেঙ্গলের উন্নতির কথা। তিনি বলেন, “আমরা ধারাবাহিক ভাবে খেলছি। এই মরশুমে কেবল দুটি ম্যাচ হেরেছি। দল অনেক ভালো খেলেছে। আরও উন্নতি করছে, আত্মবিশ্বাস আছে। গত ছয়টি ম্যাচে আমরা অপরাজিত। এরপর মুম্বই, পাঞ্জাব এবং মোহনবাগান, তিনটি কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। এই ম্যাচগুলিই নির্ধারণ করবে লিগে আমাদের অবস্থান।” বুধবার শহরে ফিরে, বৃহস্পতিবার ছুটি দলের। সম্ভবত শুক্রবার থেকে আবারও অনুশীলনে নামবে লাল-হলুদ ব্রিগেড। আগামী ৫ মে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের।

