নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ঘটনার কড়া নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার, কঠোর শাস্তি এবং নিহতের পরিবারের জন্য নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে রাহুল গান্ধী বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে এই খুন সংঘটিত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পরিবর্তে ‘গুন্ডারাজ’ চলছে, যেখানে ভোটের পর বিরোধী কণ্ঠস্বরকে ভয় দেখানো, আক্রমণ করা এবং নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, এটাই এখন তৃণমূলের রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছে।
রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস কখনও হিংসার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। দল সবসময় অহিংসা ও সংবিধানে বিশ্বাসী। কর্মী হারিয়েও কংগ্রেস শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে আসেনি।
তিনি স্পষ্টভাবে দাবি জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে এবং দেবদীপ চট্টোপাধ্যায়ের পরিবারকে পূর্ণ নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, ভারতের অহিংস ঐতিহ্যকে কলঙ্কিত করা এমন রাজনীতির সামনে কংগ্রেস কখনও মাথা নত করবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করেই ছাড়বে।
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে একাধিক জায়গায় সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

