নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে ২০২৭ সালের জনগণনাকে সফল করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বর্তমানে আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে এবং প্রত্যেক ভারতীয়ের এ সম্পর্কে জানা জরুরি। এটি হলো জনগণনা অভিযান, বিশ্বের বৃহত্তম জনগণনা কার্যক্রম।
যাঁরা আগে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, তাঁদের কাছে এবারের অভিজ্ঞতা ভিন্ন মনে হবে। জনগণনা ২০২৭ ডিজিটাল করা হয়েছে। সমস্ত তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এবার জনগণনায় আপনাদের অংশগ্রহণও সহজ করা হয়েছে। আপনারা নিজেরাও নিজেদের তথ্য পূরণ করতে পারবেন। কর্মী আপনার বাড়িতে যাওয়ার ১৫ দিন আগে থেকেই এই সুবিধাটি পাবেন। আপনার সুবিধামতো সময়ে আপনি আপনার বিবরণ পূরণ করতে পারবেন। প্রক্রিয়াটি সম্পন্ন করার পর, আপনি একটি বিশেষ আইডি পাবেন। এই আইডিটি আপনার মোবাইল বা ইমেইলে পাঠানো হবে। পরে, যখন কর্মী আপনার বাড়িতে আসবেন, তখন আপনি আপনার বিবরণ যাচাই করার জন্য এই আইডিটি দেখাতে পারবেন।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “যেসব রাজ্যে সেলফ-এনুমারেশন সম্পন্ন হয়েছে, সেখানে জনগণনা কর্মীদের দ্বারা বাড়ি তালিকাভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ পরিবারের বাড়ি তালিকাভুক্ত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশের জনগণনা শুধু সরকারের কাজ নয়; এটি আমাদের সকলের একটি সম্মিলিত দায়িত্ব। আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে তথ্য প্রদান করেন তা সম্পূর্ণ নিরাপদ এবং গোপন রাখা হয়। এটি শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা দ্বারা সুরক্ষিত। আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই প্রক্রিয়ায় অংশ নিই। আসুন আমরা জনগণনা ২০২৭-কে সফল করি।”

