নদিয়া : নদিয়ার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন পরিচয় সংকটে ভুগছে। যোগী বলেন, “যে বাংলা আমাদের পরিচয় দিয়েছিল, এখন সেই বাংলাই পরিচয় সংকটে ভুগছে।
এই সেই ভূমি যা একসময় ভারতকে পরিচয় দিয়েছিল, আর গত ১৫ বছর ধরে বাংলায় মাফিয়া রাজ ও দুর্নীতির প্রতীক হয়ে থাকা তৃণমূল সরকার এখন সেই ভূমিতেই পরিচয় সংকট তৈরি করেছে। নির্বাচনের প্রথম দফায় প্রত্যেক ভোটারের মনে একই অনুভূতি ছিল যে বাংলাকে তার পরিচয় ফিরে পেতে হবে। মাফিয়া রাজ ও দুর্নীতি থেকে মুক্ত করে বাংলাকে আবার ভারতের পরিচয়ের প্রতীক করে তুলতে হবে, এবং এর জন্য ডাবল ইঞ্জিন বিজেপি সরকার আনতে হবে।”
যোগী আদিত্যনাথ বলেন, “একটা সময় ছিল যখন ভারতের অর্থনীতিতে বাংলার অবদান ছিল সর্বোচ্চ। এখানে শিল্প ও ব্যবসা ছিল, কৃষি ছিল শক্তিশালী, মৎস্যশিল্প ছিল সমৃদ্ধ, মানুষ ছিল সচ্ছল, যুবকরা কর্মসংস্থান পেত এবং কৃষকেরা ছিলেন প্রগতিশীল।” যোগী আরও বলেন, “বাংলায় লোকে ‘জয় শ্রী রাম’ বললে দিদি বিরক্ত হন। দুর্গাপুজো উদযাপন নিয়েও তাঁর আপত্তি।”

