পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১১০টি আসনে জিতেছে বিজেপি, দাবি হিমন্ত বিশ্বশর্মার

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১১০টি আসনে জিতেছে বিজেপি, এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সকালে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, প্রথম দফাতেই বিজেপি ১১০টি আসন জিতেছে।”

হিমন্ত আরও বলেন, “এবার আমরা অসমে ১০০টি আসন জিতব। পশ্চিমবঙ্গে আমরা ২০০টি আসন পাব। আমরা অসমে শতকে পৌঁছব এবং পশ্চিমবঙ্গে দ্বিশতকে পৌঁছব।” উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রচার চালাচ্ছেন। ভোটের প্রচার করছেন হিমন্তও। এমতাবস্থায় অসমের মুখ্যমন্ত্রী দাবি করলেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রথম দফার ভোটে ১১০টি আসনে জিতেছে বিজেপি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো খবর এসেছে। ভারত সরকার অশোক লাহিড়ীকে নীতি আয়োগের উপাধ্যক্ষ নিযুক্ত করেছে। দলিত সম্প্রদায়ের গোবর্ধন দাসও নীতি আয়োগের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আমি বাংলার সন্তান এবং দেশের গর্ব, এই দুজনকেই অভিনন্দন জানাই। প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, এবং আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমাদের হিসাব অনুযায়ী, প্রথম দফাতেই আমরা বিজেপির জন্য প্রায় ১১০টি আসন নিশ্চিত করে ফেলেছি। আমার বিশ্বাস, অসমে আমরা প্রায় ১০০টি আসন পাব, বাংলায় প্রায় ২০০টি আসন পাব।”

হিমন্ত বলেন, “ত্রিপুরা ও মেঘালয়ে কঠোর আদিবাসী আইন রয়েছে। কিন্তু এর সরাসরি প্রভাব পড়ে অসম ও পশ্চিমবঙ্গের ওপর। অসম ও পশ্চিমবঙ্গ থেকে এই প্রভাব আরও ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ড ও বিহারে। সেই কারণেই এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং গোটা দেশ সেদিকে তাকিয়ে আছে। উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের ভবিষ্যৎ এই নির্বাচনের সঙ্গে জড়িত। মানুষ প্রশ্ন করতে পারে, এটা এত গুরুত্বপূর্ণ কেন। মূল কারণ হলো সীমান্ত বেড়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =