দমদম : দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে সুশাসনের সূচনা হতে চলেছে, বুধবার দমদমের নির্বাচনী জনসভা থেকে একথাই জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, “কবিগুরুর স্বপ্ন, মহর্ষি অরবিন্দের স্বপ্ন এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ার সূচনা করবে বিজেপি সরকার। যেখানে মা ও বোনেদের কোনও ভয় থাকবে না। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুরে এদিন জনসভা করেন অমিত শাহ। দক্ষিণেশ্বর কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, কালীবাড়ি মন্দির, চাকলার লোকনাথবাবার মন্দিরকে প্রণাম করে বক্তৃতা শুরু করেন তিনি।
অমিত শাহ বলেন, “মমতা সরকারের আমলে বাংলার মেয়েরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। আর জি কর, দুর্গাপুর মেডিকেল কলেজ, দক্ষিণ কলকাতা ল কলেজ, অসংখ্য প্রতিষ্ঠানে আমাদের ছোট ছোট মেয়েরা ধর্ষিতা হয়েছে, অথচ মমতা দিদি নির্লজ্জের মতো বলেন, রাত ৭টার পর মেয়েরা কেন বাইরে বের হবে। আমি কথা দিচ্ছি, ৫ মে-র পর, একটি ছোট মেয়েও যখন তার স্কুটারে চড়ে বের হবে, তখন কোনও গুণ্ডা তাকে কুদৃষ্টিতে দেখবে না। আমরা বাংলার মা, বোন ও মেয়েদের ভয় থেকে মুক্ত করতে কাজ করব।”
মমতার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহ বলেন, “আমি রাহুল গান্ধীকে বলতে চাই, তামিলনাড়ু এবং পুদুচেরিতে তারা দুই অঙ্কের সংখ্যাও পার করতে পারবে না। পশ্চিমবঙ্গে তারা হয়তো খাতা খুলতেই পারবে না এবং অসমে কংগ্রেস তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হবে। মমতা দিদি, আপনি এই কংগ্রেসের সঙ্গেই বসে আছেন। আপনার অবস্থাও আরও খারাপ হতে চলেছে।”
অমিত শাহ বলেন, “হুমায়ুন কবিরের নাম নিয়ে বাবরি মসজিদ বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না, আমি এটা পরিষ্কার বলে দিচ্ছি: মমতা দিদি, আপনি যতই চেষ্টা করুন না কেন, বিজেপি বাংলায় বাবরি মসজিদ বানাতে দেবে না।”

