কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর প্রথম দফার ভোট প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে বিশেষ তৎপরতা শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজ্যের সমস্ত বুথে একযোগে শুরু হয়েছে ওয়েবকাস্টিংয়ের ট্রায়াল রান বা নকল মহড়া। নির্বাচনের দিন ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই কমিশন এই মহড়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে রূপায়ণ করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই ট্রায়াল রান ঘিরে যাবতীয় প্রস্তুতি ও তৎপরতা তুঙ্গে রয়েছে। মূলত প্রতিটি বুথে প্রযুক্তিগত পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ভোটের দিন যাতে কোনো যান্ত্রিক ত্রুটি বা নিরাপত্তার ঘাটতি না থাকে, তার আগাম প্রস্তুতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকেও এবার নজিরবিহীনভাবে কড়া নজরে রাখা হয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স , কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তিনজন সিনিয়র অফিসারকে একযোগে নিরাপত্তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকরা। পুরো নজরদারি প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে কর্মীদের ৮ ঘণ্টার শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
মঙ্গলবার থেকেই শুরু হওয়া এই ট্রায়াল রানের প্রতিটি ধাপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কমিশন। বুথভিত্তিক নজরদারি জোরদার করে একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।

