মালদাতে এয়ার আ্যম্বুলেন্স, ৬টি জেলায় বাড়তি নজরদারি নির্বাচন কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে কোনও খামতি রাখতে নারাজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ১৬ জেলার মধ্যে ৬টি জেলাকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। এই জেলাগুলি হল যথাক্রমে – মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। অতীত অভিজ্ঞতার নিরিখে এই এলাকাগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রথম দফার ভোটে সাত হাজারেরও বেশি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, একাধিক বুথকে ‘অতি স্পর্শকাতর’ তালিকায় রাখা হয়েছে বলেও খবর। যদিও এই সংক্রান্ত নির্দিষ্ট পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আসেনি। ভোটের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশেষ করে কোনও রকম হতাহতের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে প্রস্তুত রাখা হয়েছে এয়ার আ্যম্বুলেন্স। আপাতত মালদায় একটি এয়ার আ্যম্বুলেন্স রাখা হয়েছে, প্রয়োজনে তা দ্রুত অন্যত্র পাঠানো হবে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটপর্ব সম্পন্ন করতে নির্বাচন কমিশনের তরফে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =