কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই এখনই। গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আপাতত এক সপ্তাহ। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
তবে এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে গরমের প্রভাব থাকলেও, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকাল থেকেই তীব্র রোদের তেজে গরম বেশ ভালোই অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। এদিন সকালে মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

