দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা : বুধবারও বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কালবৈশাখীর তাণ্ডব অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর।

ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় সিস্টেমের প্রভাবে এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এদিন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এদিন ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা, দুই দিনাজপুর এবং দার্জিলিং জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।

বৃহস্পতিবারও দুর্যোগ পুরোপুরি কাটবে না। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =