পালাক্কাড় : কেরলের পালাক্কাড়ের জনসভা থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও বামেদের অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তারা যেখানেই ক্ষমতায় আসে, সবকিছুরই অবনতি ঘটে। পশ্চিমবঙ্গে বামেরা কী করেছে তা গোটা দেশ জানে, এবং ভারতজুড়ে কংগ্রেস শাসনের প্রভাবও সকলে প্রত্যক্ষ করেছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “কেরলমও এই একই অপশাসনের চক্রে ভুগেছে। সরকারি কর্মচারীদের বেতন প্রদানে বিলম্বের খবর সামনে এসেছে এবং পেনশন বিতরণেও নানা সমস্যার কথা প্রকাশ্যে এসেছে।”
মোদী বলেন, “বিজেপি সর্বদা নারী-নেতৃত্বাধীন উন্নয়ন পদ্ধতির প্রচার করে এসেছে।আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা বা আবাসন, যে ক্ষেত্রেই হোক না কেন, আজ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে নারীরা সর্বোচ্চ অগ্রাধিকার পান।বিধানসভা ও সংসদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নারী শক্তি বন্ধন আইনও পাশ করেছি।”

