কলকাতা : নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। বিজেপি সূত্রের খবর, শনিবার, ২৮ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ওই দিন গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। তিনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করবেন। ওই চার্জশিটে তৃণমূল সরকারের দুর্নীতি, অপশাসন, আইন-শৃঙ্খলা পরস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চার্জশিটের পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করারও ভাবনাচিন্তা রয়েছে বিজেপির।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। বিজেপি বুধবারই তৃতীয় দফায় আরও ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও ১৯টি কেন্দ্রে প্রার্থী দেওয়া বাকি।

