“উপ-মুখ্যমন্ত্রী নয়, লক্ষ্য সরাসরি মুখ্যমন্ত্রী হওয়া”, কলকাতায় দাঁড়িয়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ওয়াইসির

কলকাতা : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আসন সমঝোতা ও জোটের রণকৌশল স্পষ্ট করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবীর। বুধবার কলকাতায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁরা জানালেন, উপ-মুখ্যমন্ত্রী নয়, লক্ষ্য সরাসরি মুখ্যমন্ত্রীর পদ। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ২০টি জনসভা করার কথাও ঘোষণা করা হয়েছে।

​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াইসি এদিন স্পষ্ট করেন যে, উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে হুমায়ূন কবীরের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন। তাঁর কথায়, “আমরা উপ-মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়, মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যেই লড়ব। উপ-মুখ্যমন্ত্রী পদটি অনেকটা হাতের বাড়তি আঙুলের মতো।”

​তৃণমূল কংগ্রেসের তরফে এআইএমআইএম-কে বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ করা নিয়েও সরব হন তিনি। ওয়াইসির জবাব, “আমরা কারও বি টিম নই, আমরা নিজেদের দল।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, জনগণ তাঁকে ক্ষমতায় বসিয়েছে, তাই অহঙ্কার করা উচিত নয়। ভয় দেখিয়ে রাজনীতি নয়, গণতন্ত্রে সকলের মতপ্রকাশের অধিকার থাকা জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

​জোটের আসন বণ্টন প্রসঙ্গে ওয়াইসি সাফ জানান, এআইএমআইএম রাজ্যে এক বা দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি ক্ষেত্রে আম জনতা উন্নয়ন পার্টিকে পূর্ণ সমর্থন জানানো হবে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যৌথ সভা করবেন দুই দলের নেতারা।

​ধর্মীয় স্থান প্রসঙ্গেও মত প্রকাশ করেন ওয়াইসি। তাঁর কথায়, যেমন মন্দির, গির্জা বা গুরুদ্বার অন্য ধর্মাবলম্বীদের কাছে পবিত্র, তেমনই মসজিদ মুসলিমদের কাছে সমান শ্রদ্ধার স্থান—সকলেরই তা সম্মান করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =