◆ উত্তর কলকাতায় জনজোয়ার, অভিনব মিছিলে সরব শ্রমিক পরিবার
কলকাতা : গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে সোমবার উত্তর কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হল। আইএনটিটিইউসি-র উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল তথা ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত এই ধিক্কার মিছিল ঘিরে তৈরি হয় তীব্র প্রতিবাদ ফুটে ওঠে। আগাম আহ্বানে সাড়া দিয়ে অগণিত শ্রমিক পরিবার, পুরুষ-মহিলা নির্বিশেষে কয়েক হাজার মানুষ এই মিছিলে অংশ নেন। বিশেষ করে এলাকার মা-বোনদের উল্লেখযোগ্য উপস্থিতি আন্দোলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। মিছিলে দেখা যায় অভিনব প্রতিবাদের ছবি, অনেকেই হাতে কাঁচা শাক-সবজি নিয়ে গ্যাস সংকটের প্রতীকী প্রতিবাদে সামিল হন। মিছিলে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে উঠে আসে ক্ষোভের বার্তা।
‘রান্নাঘরে কাঁদছে মা, এই বিজেপি চাই না’ এই স্লোগান ঘিরে সরব হন প্রতিবাদীরা। পাশাপাশি গ্যাসের প্রতীকী ছবি গায়ে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় আইএনটিটিইউসি-র উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারকেও।স্বপন সমাদ্দার এদিন বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব এদেশেও পড়েছে। রান্নার গ্যাস যেন রাতারাতি দুষ্প্রাপ্য হয়ে উঠছে, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি বহু ক্ষুদ্র ব্যবসায়ী-হোটেল মালিক থেকে অটোচালক-চরম সমস্যার মুখে পড়ছেন।
তাঁর কথায়, ‘এই বাংলা সুজলা-সুফলা হলেও গ্যাসের অভাবে আজ মানুষ নাভিশ্বাস তুলছে’। কেন্দ্রীয় সরকার দ্রুত পরিস্থিতির সমাধান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

