পূর্ব মেদিনীপুর : বিধানসভা নির্বাচনের মুখে মহিষাদল কেন্দ্রে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষের মাঝেই রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অনৈতিকভাবে চাপ সৃষ্টি করছেন।
শুক্রবার সকালে শুভেন্দু অধিকারী সরাসরি বিশ্বনাথবাবুর বাড়িতে যান এবং প্রায় ৪০ মিনিট ধরে তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর তিনি মহিষাদল থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু কড়া ভাষায় জানান যে, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং কোনও রাজনৈতিক দলের হাতের পুতুল হওয়া চলবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, এ বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই।
উল্লেখ্য, এবারের নির্বাচনে টিকিট না পেয়ে গত ১৬ মার্চ ক্ষোভ উগরে দিয়েছিলেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ‘কর্পোরেট সংস্থা’ বলে কটাক্ষও করেছিলেন তিনি। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সমস্ত মান-অভিমান ভুলে তিনি বিজেপিতেই থাকছেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তী এই ঘটনাকে কটাক্ষ করে বলেছেন যে, বিজেপি এখন “তাসের ঘরের মতো ভেঙে পড়ছে” এবং কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অসন্তোষ কোনওভাবেই চাপ দিয়ে রোখা সম্ভব নয়।

