ভোটের মুখে বড় প্রশাসনিক রদবদল, বাংলার মুখ্যসচিব ও স্বরাষ্ট্র দফতরের শীর্ষ পদে নতুন মুখ

কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে আইএএস অফিসার দুশমন্ত নাড়িয়ালাকে।

একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আইএএস আধিকারিক সংঘমিত্রা ঘোষ । কমিশনের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এই বদল অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব গ্রহণের রিপোর্ট ১৬ মার্চ দুপুর ৩টার মধ্যে কমিশনে পাঠাতে হবে।

নির্বাচন কমিশনের তরফে জারি করা চিঠিতে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, “ভোট পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, যাঁদের এই বদলির ফলে বর্তমান দায়িত্ব থেকে সরানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কোনও নির্বাচন-সম্পর্কিত পদে নিয়োগ করা যাবে না।

প্রশাসনিক মহলের মতে, ভোট ঘোষণার পরপরই এমন উচ্চস্তরের রদবদল বিরল ঘটনা। তবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ থেকে স্পষ্ট, ভোটকে ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা ও কঠোর নজরদারির বার্তাই দিতে চাইছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =