বকেয়া মহার্ঘভাতা নিয়ে বড় ঘোষণা: মার্চ থেকেই ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারী ও শিক্ষকরা

কলকাতা : রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর শোনাল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। চলতি বছরের মার্চ মাস থেকেই এই বর্ধিত সুবিধা কার্যকর হবে বলে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের মা-মাটি-মানুষ সরকার সকল কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসছেন।”

মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রোপা ২০০৯ বিধি মেনে এই বকেয়া মহার্ঘভাতা প্রদান করা হবে। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে এবং নবান্নে উচ্চপর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণার ফলে কয়েক লক্ষ সরকারি কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন।মূলত শীর্ষ আদালতের সময়সীমা ও নির্দেশিকাকে মান্যতা দিয়েই রাজ্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি মাস অর্থাৎ মার্চ ২০২৬ থেকেই সংশ্লিষ্ট কর্মচারীরা তাঁদের বর্ধিত ডিএ পেতে শুরু করবেন। লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক ও রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =