মালদা : সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। মঙ্গলবার চাঁচল–২ ব্লকের আটঘরা এলাকায় রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি-কে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেন।এদিন প্রায় দেড় কোটি টাকার ব্যয়ে চার কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয়। নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক।
স্বাধীনতার পর থেকে কাঁচা রাস্তা হিসেবে থাকা এই সড়ক পাকা করার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়।তবে সরকারি কর্মসূচির মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণ শানিয়ে রহিম বক্সি বলেন, “এলাকায় বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। দেখলে লাঠি দিয়ে তাড়া করুন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। মালদা উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তিনি পাল্টা কটাক্ষ করে দাবি করেন, মানুষ সময়মতো এর জবাব দেবে। ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

