মালদা : ‘বাংলার বাড়ি’ আবাসন প্রকল্পে জালিয়াতির অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল মালদা জেলায়। অভিযোগ, প্রকল্পের উপভোক্তাদের নাম ও পরিচয়পত্র ঠিক থাকলেও বদলে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আধার তথ্য। ফলে সরকারি অনুদানের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে দাবি উপভোক্তাদের একাংশের। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্তরা। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপির কটাক্ষ, “তৃণমূলের প্রতিনিধিরাই দুর্নীতিতে জড়িত।”ঘটনাটি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ যদুপুর গ্রামের। স্থানীয় বাসিন্দা এম ডি তৌসিফ অভিযোগ করেন, তাঁর মা রুখসেনা বিবির নামে প্রকল্পের ঘর অনুমোদিত হলেও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা অন্যত্র পাঠানো হয়েছে।
জানুয়ারির ২৫ তারিখ তাঁর মায়ের মৃত্যু হওয়ায় পরিবারটি চরম সমস্যায় পড়েছে বলেও জানান তিনি। তৌসিফ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন, তাঁর বাবা দিনমজুর এবং বাড়িতে তিন বোন রয়েছে।
এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী দয়াল কৃষ্ণ চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিডিওকে জানানো হয়। সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি ইতিমধ্যেই বন্ধ করে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

