কলকাতা : প্রথম দিনের সুষ্ঠুভাবে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই হয় তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও।
পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এই বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ছিল নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারেননি পরীক্ষাকেন্দ্রে। এ জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশির বন্দোবস্ত করা হয়। চতুর্থ সেমেস্টার পরীক্ষা চলে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হয় সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হয়।
সংসদ সূত্রে জানা গেছে, তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা – ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি।

